রাঙ্গামাটি থেকে মোশারফ হোসেন সেলিম–বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর যৌথ উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৮টার সময় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
পরিদর্শনকালে জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবরসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জোন কমান্ডার অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী এ অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও জনকল্যাণে সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগণ প্রায়শই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতই এ ধরনের সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রাঙ্গামাটি রিজিয়ন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
