রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা–রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়ায় পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে ধানখেতে লক্ষ্মীপূজা (অবংমা ছোঁয়া) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) মংথুইপ্রু মারমার পরিবারের ধানজমিতে এ পূজার আয়োজন করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজাটি সম্পন্ন করা হয়েছে।
পূজার আয়োজক মংথুইপ্রু মারমা একজন মঘা শাস্ত্রীয় জ্যোতিষবিদ হিসেবে পরিচিত। তাঁর পরিবারের উদ্যোগে আয়োজিত এ পূজায় ধানখেতের ফসলের সমৃদ্ধি, ভালো ফলন এবং পরিবারের মঙ্গল কামনা করা হয়। পূজার অংশ হিসেবে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করা হয়।
মংথুইপ্রু মারমা বলেন, “প্রতিবছরের মতো এবারও আমাদের পরিবারের ধানজমিতে লক্ষ্মীপূজা বা অবংমা ছোঁয়ার আয়োজন করা হয়। এটি আমাদের পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। আমরা ধানখেতের ভালো ফলন, ফসলের সমৃদ্ধি এবং পরিবারের সুখ-শান্তি কামনা করি।”
বাঙ্গালহালিয়া চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের পরিচালক সানুমং মারমা জানান, এটি ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্য চর্চারই একটি দৃষ্টান্ত।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
