রাঙ্গামাটিতে অর্ধশত সাংবাদিক নিয়ে সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি:—-সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয়ে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমারদেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই ‘রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ।”

তিনি আরও বলেন, “রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, সময়ের প্রয়োজনে সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন” জেলার সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।