খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার-ভিডিপি সদস্যের মাঝে ডিজি’র ঈদ উপহার বিতরণ*

খাগড়াছড়ি থেকে আব্দুল কাদের—-আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬১২ জন ভাতাভোগী সদস্যের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার [২৩ মে ২০২৬] খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সদস্য-সদস্যাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি ও ১ লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন ৫ (বিএন)-এর পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আকতার, মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, সদর উপজেলা প্রশিক্ষক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথি বলেন, “এই উপহার শুধু বস্তুগত নয়, এর মাঝে রয়েছে মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধ। আশা করি, এই প্রাপ্তি আপনাদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে।”

জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল বলেন, “বর্তমান মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর বাহিনীর সকল স্তরের কল্যাণে কাজ করছেন। ভাতাভোগী সদস্যদের এই উপহার আমাদের কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়াবে।”

উপহার পেয়ে ভিডিপি সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “এই উপহার দেশসেবায় আমাদের আরও উৎসাহ জোগাবে। আনসার-ভিডিপির সদস্য হতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ প্রান্তিক পর্যায়ে সেবা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে।