বান্দরবান সংবাদদাতা —-বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
গত ১৭ মে দিবাগত রাতে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এবং অনেক পরিবার মানবেতর পরিস্থিতিতে পড়ে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় আয়োজিত এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী বার্মা এমপির নিজস্ব তহবিল ও ওয়াল ভিশন এবং গ্রাউসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী বার্মা এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বুলবুল আকতার সেতু এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাধবী মারমা এমপি বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সে লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় বক্তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
