কৃতি প্রাক্তন ছাত্র রিদওয়ানুল হক সুমন সভাপতি: নতুন প্রত্যাশায় রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়

এম এ রাশেদ চৌধুরী—-চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের কৃতি প্রাক্তন ছাত্র রিদওয়ানুল হক সুমন মনোনীত হওয়ায় এলাকাবাসী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক আগামী ছয় মাসের জন্য গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রিদওয়ানুল হক সুমন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক সাব-মেরিনার পেটি অফিসার। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনী থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়ে ডিপ্লোমা এবং বাংলাদেশ নৌবাহিনী থেকে কমিউনিকেশন সিস্টেম সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি এন জে ট্রেডিং, এক্সোটিক এম্পোরিয়াম এবং রাইডেভ বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর নিজামুল হক সোহেলের ছোট ভাই এবং মরহুম শামসুল ইসলাম ও মরহুমা দিলোয়ারা বেগমের তৃতীয় পুত্র।

ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তাঁর মনোনয়নে ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহলের প্রত্যাশা, রিদওয়ানুল হক সুমনের দক্ষ নেতৃত্ব, সততা, দূরদর্শিতা এবং শিক্ষাবান্ধব মনোভাব বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।