মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান; গ্লাভস ও ডাস্টবিন বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি;—‘সবাই মিলে পরিচ্ছন্ন নগর গড়ি’—এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মুক্তাগাছা পৌর প্রশাসন| কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও ডাস্টবিন বিতরণ করা হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়|
মঙ্গলবার দুপুর ১টার দিকে মুক্তাগাছা শহরের আটানীবাজারে ব্যবসায়ী, বাজার কমিটি ও ইজারাদারদের মধ্যে হ্যান্ড গ্লাভস ও ডাস্টবিন বিতরণ করা হয়| এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার সোনিয়া হোসেন জিসান, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র, পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ, আটানীবাজার কমিটির নেতৃবৃন্দ, বাজারের ইজারাদার এবং স্বেচ্ছাসেবকেরা|
এর আগে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে নিবন্ধিত ভলান্টিয়ারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়|
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণ| সঠিক স্থানে বর্জ্য ফেলা, বাজার ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর নিশ্চিত করা সম্ভব|
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তোলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব| প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, বাজার কমিটি, ¯ে^চ্ছাসেবক ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে| আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে চাই| নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাজারে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, সঠিকভাবে বর্জ্য অপসারণ এবং নাগরিকদের সম্পৃক্ত করে মুক্তাগাছাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পৌর শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে|
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকেরা পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান| তাঁদের প্রত্যাশা, সচেতনতামূলক এ কার্যক্রম নিয়মিত হলে শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হবে।