রাঙ্গামাটি প্রতিনিধি– রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পৈত্রিক জায়গা জবরদখলের প্রতিবাদ করায় একই পরিবারের ৯ জনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, আসামীরা তাদের ভয় দেখিয়ে মামলা তুলে নিতে এবং জায়গা দখল করতেই এই নোংরা খেলা খেলছে।
ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক জানান, তার মা মোছাঃ রেজিয়া বেগম বাদী হয়ে জায়গা দখলের অভিযোগে গত ০৫/০৬/২০২৬ তারিখে চন্দ্রঘোনা থানায় জিআর ০২/২৬ নং মামলা দায়ের করেন। এর জেরে গত ১৯/০৬/২০২৬ তারিখে আসামীরা তাকে ও তার ৪ মাসের গর্ভবতী মেয়েকে মারপিট করে।
নিজেদের দোষ আড়াল করতে আসামীরা উল্টো রাজ্জাক, রাজ্জাকের ছোটভাই সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা, রাজ্জাকের বৃদ্ধ মা, রাজ্জাকের ছোট বোন তাহমিনা আক্তার মল্লিকা রাজ্জাকের মেয়ে, ভাইপো নুর মোহাম্মদ নিশান, নিশানের মা নিলুফা, বোনের জামাই শাহ্ আজিজ ও ছোট ভাইয়ের বউ হুরে জান্নাত শিমুর নামে সিআর ৩৯০/২৬ ও সিআর ৪০৪/২৬ নং মিথ্যা মামলা দেয়। অর্থাৎ ঘরের একজন লোকও বাকি নাই।
রাজ্জাক বলেন, “আমার ছোট ভাই রিয়াজ বিগত ২ বছর যাবৎ অত্র উপজেলায় আসেন না। এলাকার চেয়ারম্যান-মেম্বার সবাই জানেন। তাকেও মামলার আসামি করা হয়েছে”।
অভিযোগে আরও বলা হয়, শাহ্ আজিজ ও হুরে জান্নাত শিমু উভয়েই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় শিমু, তাহমিনা আক্তার মল্লিকা, রিয়াজ উদ্দীন রানা ও রিয়াজের ছেলে নিশান চট্টগ্রামে ছিলেন। তারপরও শুধুমাত্র হয়রানি ও চাকরি নষ্টের উদ্দেশ্যে তাদের আসামী করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন, “আমার ভাই একজন ইউনিয়ন আনসার কমান্ডার। আমাদের পরিবারের সম্মান নষ্ট করতেই বারবার শিক্ষকদের নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিকার চাই।”
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করবেন বলে জানান।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
