চন্দ্রঘোনা থানা বার্ষিক পরিদর্শন করলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার।

রুপান্তর বাংলা জসিম উদ্দীন-আজ ১৩ আগস্ট ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের পেশাদার দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রঘোনা থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ। পরবর্তীতে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার মালখানা, হাজতখানা ও অস্ত্রাগার পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। পাশাপাশি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টারসমূহ গভীর মনোযোগের সঙ্গে পর্যালোচনা করেন।

এ সময় তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের শৃঙ্খলা, ড্রেসকোড ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানায় আগত সেবাগ্রহীতা সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ প্রদর্শন এবং দ্রুততম সময়ে মানসম্মত আইনি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নাগরিকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।