রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ ঘিরে চরম নিরাপত্তা ঝুঁকি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা থাকার পরেও স্কুলের খেলার মাঠ ভেঙে কাপ্তাই খালের একদম তীর ঘেঁষে ভবনের কাজ করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত নরম ও ভাঙনপ্রবণ মাটিতে ভবনের ভিত নির্মাণ করা হচ্ছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, সামান্য ভূমিকম্প বা বর্ষায় খালের পানি বাড়লেই এই ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে বিদ্যালয়ের হাজারো ছাত্র-ছাত্রীর জীবন হুমকির মুখে পড়বে।
রূপান্তর বাংলার হাতে আসা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর – EED এর টেন্ডার নথি অনুযায়ী, বিদ্যালয়ে ৬ তলা ফাউন্ডেশনসহ একাডেমিক ভবন নির্মাণের জন্য ২০১৯ সালে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার আইডি `376864` প্রজেক্ট কোড `224016500`
নথি অনুযায়ী ২০২০ সালের ২ জানুয়ারি কাজ শুরু হয়ে ২০২২ সালের ২ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৪ বছর পার হলেও কাজ শেষ হয়নি।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এলাকাবাসী অবিলম্বে কাজ বন্ধ করে স্কুলের নিরাপদ জায়গায় ভবন নির্মাণ এবং খেলার মাঠ রক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের হোস্টেল ভবনের টেন্ডার সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ নথি রূপান্তর বাংলার হাতে রয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তী পর্বে সেগুলো প্রকাশ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
