রাঙ্গামাটিতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা: পুলিশের সমস্যা শুনে সমাধানের আশ্বাস

রূপান্তর বাংলা প্রতিনিধি, রাঙ্গামাটি—পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা সমাধান ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৪ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, ফোর্স ও সিভিল স্টাফগণ তাদের পেশাগত প্রতিবন্ধকতা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের কাজের সমস্যাসমূহ ডিআইজি মহোদয়ের কাছে তুলে ধরেন। ডিআইজি মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “জনগণের বন্ধু হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এতে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় থাকবে এবং পুলিশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) জনাব আসিফ ইমাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) জনাব মোঃ নুরুল আমিন সহ জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ, ডিআইও-১, ওসি ডিবি সহ সকল ইউনিটের পুলিশ সদস্যবৃন্দ।