গুলি খেয়েও থামেননি তারেক আজিজ, ফটিকছড়িতে সফল অভিযান কালা মোবারকসহ গ্রেপ্তার ৪

এম এ রাশেদ চৌধুরী: —-অস্ত্রধারীদের গুলির মুখেও পিছপা হয়নি পুলিশ। ঝুঁকিপূর্ণ অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচিত অস্ত্রধারী মোবারক হোসেন ওরফে কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বাধীন দল।

বুধবার (২৬ আগস্ট) ভোরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা গুলি ছুড়লে শুরু হয় গুলি বিনিময়। এতে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। শেষ পর্যন্ত অভিযান সফল করে চার অস্ত্রধারীকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরনের গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি ৯ এমএম পিস্তল, ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, পাকিস্তানের তৈরি রিভলবার ও একটি দেশীয় পিস্তল।

পুলিশের দাবি, গ্রেপ্তার কালা মোবারক একাধিক হত্যা ও অস্ত্র মামলায় জড়িত এবং বড় সাজ্জাদ বাহিনীর শুটার হিসেবে পরিচিত। পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তেও তার নাম উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর তার অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।

অভিযানের সবচেয়ে আলোচিত দিক হলো—পুলিশের দাবি অনুযায়ী, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লুট হওয়া সরকারি অস্ত্রের সঙ্গে মিলে গেছে। অস্ত্রটি কীভাবে পুলিশের হেফাজত থেকে অপরাধীদের হাতে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ওপর গুলি চালানোর পরও অভিযান থামেনি। আহত অবস্থায়ও অভিযান চালিয়ে যাওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বাধীন দলের সাহসিকতা ও পেশাদারিত্বের বিষয়টি সামনে এসেছে।