কয়রায় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ: অসাধু ব্যবসায়ী জালাল গাজীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি

কয়রা (খুলনা): তৌহিদুর রহমান শান্ত
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের অসাধু মৎস্য ব্যবসায়ী জালাল গাজী কর্তৃক চিংড়ি মাছে কৃত্রিমভাবে ওজন বাড়াতে ক্ষতিকর কেমিক্যাল ও জেলি পুশ করার অসাধু কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় এলাকা।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল গাজী দীর্ঘদিন ধরে অধিক মুনাফার লোভে অত্র এলাকায় অসৎ পন্থায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ি মাছে জেলি পুশ করে বাজারজাত করছেন। এই অনৈতিক কর্মকাণ্ডের ফলে একদিকে যেমন খুলনাঞ্চলের ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ ভোক্তাদের জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়ছে।
উপকূলীয় এলাকার সম্ভাবনাময় মৎস্য খাতকে রক্ষা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অভিযুক্ত জালাল গাজীর আড়ত ও প্রক্রিয়াজাতকরণ স্থানে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। অসাধু এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাবের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।