নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি—খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ মো. সেলিম মিয়া (৪৫) নামের স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তার একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
গত রবিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বোয়ালখালী গরুবাজার এলাকার পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. সেলিম মিয়া উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। তিনি মধ্য বোয়ালখালী এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার একটি পুলিশ দল বোয়ালখালী গরুবাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মো. সেলিম মিয়াকে আটক করে তার শরীর তল্লাশি করে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই সোমবার (৪ অক্টোবর) বেলা ১২টায় দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে বহিষ্কার করে উপজেলা বিএনপি। দীঘিনালা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
