পাহাড়তলীতে ১৪ বছরের কিশোরী নিখোঁজ: ২৪ ঘণ্টা বসিয়ে রেখে জিডি, ২৭ দিনেও উদ্ধার নেই, ভুক্তভোগীর অভিযোগ – গরিব বলে পুলিশ গুরুত্ব দিচ্ছে না

রুপান্তর বাংলা, চট্টগ্রাম প্রতিনিধি—চট্টগ্রামের পাহাড়তলী থানায় ১৪ বছরের কিশোরী নিখোঁজের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় গেলে ২৪ ঘণ্টা অপেক্ষা করিয়ে তারপর জিডি নেওয়া হয়। জিডি নং-১৬১৭, তারিখ: ২৯/০৮/২০২৬।

আজ ২৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত ২৭ দিন পার হয়ে গেলেও পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে পারেনি।

ভুক্তভোগী নানী নীলুফা বেগম বলেন, “যেদিন জিডি করছি তার আগের দিন থেকে ২৪ ঘণ্টা জিডির জন্য অপেক্ষা করছি। প্রায় ২৭ দিন হলো, এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। একটা মানুষ উদ্ধার করতে এতদিন লাগে বলেন?”

পরিবারের আরও অভিযোগ, এই ঘটনার মূল হোতা ছেলের মা খালেদা বেগম, যিনি ভুয়া জন্ম নিবন্ধন, ভুয়া নিকাহনামা ও ১০০ টাকার জাল স্ট্যাম্পে অঙ্গীকারনামা পরিবারের হাতে তুলে দিয়েছেন, তিনি বর্তমানে পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় প্রকাশ্যে গার্মেন্টসে চাকরি করছেন। তাকে গ্রেফতার করলেই ভিকটিম উদ্ধার সম্ভব বলে দাবি পরিবারের।

ভুক্তভোগীর প্রশ্ন, ছেলের মা থানা এলাকায় থাকার পরও কেন গ্রেফতার হচ্ছে না? গরিব বলেই কি পুলিশ কাজ করছে না?

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানায় স্মারক পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত ভিকটিমকে উদ্ধারের জন্য সিএমপি কমিশনার ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।