ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার: ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি নান্দাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

মামলায় দণ্ডপ্রাপ্তদের মধ্যে সহোদর তিন ভাই মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।

তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।##