রাঙ্গামাটি পুলিশ সুপারের বাঘাইছড়ি থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন

রাঙ্গামাটি প্রতিনিধি, রূপান্তর বাংলা—রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার বাঘাইছড়ি থানা এবং এর আওতাধীন বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাসির উদ্দিন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানার একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় পুলিশ সুপার থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নিয়মিত টহল জোরদার এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করেন এবং সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের নিরাপত্তা, আবাসন ও কল্যাণ সংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোজাম্মেল হক, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।