দোহাজারীতে হামে আক্রান্ত হয়ে চলে গেল সপ্তম শ্রেণির ছাত্রী

চট্টগ্রাম সংবাদদাতা –চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে হামে আক্রান্ত হয়ে তানিয়া আকতার রাধিকা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত ১৪ অক্টোবর বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাধিকা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। সে দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাধিকা প্রায় এক মাস ধরে হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। দীর্ঘদিন চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গত ১৪ অক্টোবর দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একই দিন বাদ এশা মধ্যম জামিজুরী গালিমের শাহি জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সামাজিক ও পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাধিকার অকালমৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক-শিক্ষিকা, গ্রামবাসী ও আত্মীয়স্বজনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সহমর্মিতা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম রাহী (সিআইপি), বীমা ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট রিদোয়ানুল হক, গাউসিয়া কমিটির সভাপতি ডা. আবদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।