হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১৫ বছরের কিশোর, থানায় জিডি

এম এ রাশেদ চৌধুরী—চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল ওয়াহেদ (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার বাম পায়ের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। এ ঘটনায় আহত কিশোরের মা নুর বানু বেগম হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম যাওয়ার পথে আমান বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস বা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত আব্দুল ওয়াহেদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে চিটাগং হেলথ পয়েন্ট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বাম পায়ে সিআরআইএফ (CRIF) পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ছেলের দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য গত ২ অক্টোবর ২০২৬ তারিখে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেন তার মা নুর বানু বেগম। জিডি নম্বর ৫২৭।

এ বিষয়ে হাটহাজারী থানার সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা জানান, ঘটনাটি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।