ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: খান তালাত মাহমুদ রাফি

এম এ রাশেদ চৌধুরী:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার ঝিকুটিপাড়ায় শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন রাউজান উপজেলা ঝিকুটিপাড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে খান তালাত মাহমুদ রাফি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যে বাংলাদেশে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ কিংবা একজন খ্রিষ্টান প্রত্যেকেই সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবেন।

তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক যেন বৈষম্য, অবহেলা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

খান তালাত মাহমুদ রাফির বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। তিনি যে বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন, সেখানে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ ধরনের সম্প্রীতি সভা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সবার সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ই ছিল সভার মূল বার্তা।