সিএমপি ডিবি উত্তরের পরিদর্শক প্রশাসন আফতাব হোসেনের নেতৃত্বে অভিযান, উদ্ধার ৭০ লাখ টাকার চোরাই ট্রাক, গ্রেপ্তার ৩

এম এ রাশেদ চৌধুরী—চট্টগ্রাম নগরীতে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি চোরাই ড্রাম ট্রাক উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। ডিবি-উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) আফতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য আসে।

রোববার (৮ নভেম্বর) নগরীর পাহাড়তলী থানা এলাকার সাগরিকা সেনবাড়ি রোডের দরবার আহরাম মার্কেটসংলগ্ন এলাকা এবং আবু মেজ্জির গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। ডিবি-উত্তর বিভাগের ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক (নিঃ) জাহাঙ্গীর আহমেদ ও পরিদর্শক (প্রশাসন) আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম-৩১ এ অভিযান চালায়।

অভিযানে শওকত আলী (৪২), আবু তৈয়ব আলী (২৯) এবং আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেজ্জি (৫৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে EICHER TERRA25 মডেলের একটি ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ অক্টোবর ঢাকা থেকে ট্রাকটি চট্টগ্রামে আনা হয়। পরে মূল নম্বর প্লেট খুলে ফেলে অন্য নম্বর প্লেট ব্যবহার করে বিক্রির চেষ্টা করা হয়। চক্রটির পরিকল্পনা ছিল ট্রাকটি বিভিন্ন খণ্ডাংশে বিভক্ত করে বিক্রি করা।

ডিবি-উত্তরের এ অভিযানে চোরাই যানবাহন উদ্ধার এবং সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেপ্তারের মধ্য দিয়ে নগরীতে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।