সুন্দরবনে বন অপরাধ কমেছে, ১০ মাসে ৪০৩ মামলা, গ্রেপ্তার ৩৯৬ জন

কয়রা খুলনা প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের নিয়মিত টহল, নজরদারি ও ধারাবাহিক অভিযানে বন অপরাধের প্রবণতা কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বন অপরাধের দায়ে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩৪ জন আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবনের দুর্গম এলাকায় স্থল ও জলপথে নিয়মিত অভিযান পরিচালনা করেন বনরক্ষীরা। এসব অভিযানে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার ও ৪০৫টি নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দ করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দড়ি, ৩ হাজার ৭৬০ কেজি মাছ, ৪ হাজার ১৪২ কেজি কাঁকড়া, ১৮৮ বোতল অবৈধ কীটনাশক এবং ১ হাজার ২৭৩ কেজি মধু।

সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ লুটের সঙ্গে জড়িত ১৩৫ জনকে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রেখেছে বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বনের ভেতরে পায়ে হেঁটে টহল, নদী-খালে নৌযানে অভিযান এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে দুর্গম বনে পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বিশাল আয়তনের সুন্দরবনের বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অল্পসংখ্যক জনবল দিয়ে এত বড় বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। বনকর্মীদের সুযোগ-সুবিধা ও আধুনিক সরঞ্জাম বাড়ানো প্রয়োজন। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগের তুলনায় বন অপরাধের প্রবণতা কমেছে।

বন বিভাগের কর্মকর্তাদের মতে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল এবং স্থানীয় জনগণের সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।