কয়রা খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় তিন মাসব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গড়ইখালীতে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অর্থাভাবে প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের এই উদ্যোগ পাইকগাছার সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী তিন মাস এ কার্যক্রমের মাধ্যমে এলাকার নারী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিনা মূল্যে ওষুধ পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, এটি শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মানবিক উদ্যোগ। দলমত-নির্বিশেষে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের প্রতিটি খাত পুনর্গঠনে কাজ করছে। দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং জামায়াতের একটি অংশ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সন্ত্রাস, নৈরাজ্য ও দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু ও ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার দিনব্যাপী পাইকগাছার বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচিতে অংশ নেন মনিরুল হাসান বাপ্পী। সকালে পাইকগাছা বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন।
এরপর রাড়ুলী ইউনিয়নের ভূবনমহনী স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আর.কে.বি.কে. হরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
বিকেল ৪টায় আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা-২০২৬ উদ্বোধন করেন। পরে কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের মার্কেটের নির্মাণকাজ উদ্বোধন করেন।
মাগরিবের নামাজের পর কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনি বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কথিত জ্বালাও-পোড়াও, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
