রূপান্তর বাংলা বিশেষ প্রতিবেদন—-বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তা মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
১৯৭১ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রামের একটি স্বনামধন্য মুসলিম পরিবারে তাঁর জন্ম। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯৯০ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৯২ সালের ৯ জুন ২৬তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। কমিশন লাভের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৯ম ব্যাটালিয়ন (চার্জিং নাইন) এ যোগদানের মধ্য দিয়ে তাঁর বর্ণাঢ্য সামরিক কর্মজীবন শুরু হয়।
পেশাগত দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের উৎকর্ষ সাধনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সম্পন্ন করেন। এর মধ্যে রয়েছে থাইল্যান্ডে স্পেশাল অপস কোর্স, কানাডায় ইউনাইটেড ন্যাশনস ইন্টিগ্রেটেড মিশন স্টাফ অফিসার্স কোর্স (UNIMSC), যুক্তরাজ্যে ইন্টারন্যাশনাল জয়েন্ট অপারেশনাল প্ল্যানিং কোর্স, চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব মিলিটারি সায়েন্স ইন স্ট্র্যাটেজিক স্টাডিজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) থেকে গ্র্যাজুয়েশন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর (NDC) থেকে উচ্চতর সামরিক শিক্ষা।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিমেন্টাল ও স্টাফ নিয়োগে দায়িত্ব পালন করেছেন। ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, ২৪ পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ, জেনারেল স্টাফ অফিসার গ্রেড-১ (কাউন্টার ইনসার্জেন্সি), ২০৩ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের জিএসও-১ (ট্রেনিং) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (AFWC) ফ্যাকাল্টি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
পার্বত্য চট্টগ্রামের বিলাইছড়ি জোনে সন্ত্রাসবিরোধী অভিযানে বীরত্বপূর্ণ সাফল্যের জন্য তিনি ‘সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র (অপারেশন)’ অর্জন করেন। অপারেশন দাবানল চলাকালে সফল অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘সেনা গৌরব পদক (SGP)’ প্রদান করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অসাধারণ সেবা ও অবদানের জন্য তিনি ‘বাংলাদেশ আনসার পদক (BAM)’ এ ভূষিত হন।
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত কুয়েত ও ইরাকে ইউনাইটেড ন্যাশনস ইরাক-কুয়েত অবজারভার মিশনে (UNIKOM) প্লাটুন উপ-অধিনায়ক এবং ২০০৮-২০০৯ সালে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি ৭৫ বছরের ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মহাপরিচালক হিসেবে বাহিনীর উন্নয়ন, আধুনিকায়ন, শৃঙ্খলা, সদস্যদের কল্যাণ এবং সাংগঠনিক অগ্রগতিতে তাঁর ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়।
ব্যক্তিগত জীবনে তিনি একজন সুখী পরিবারের কর্তা। তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের গর্বিত পিতা।
পরিশেষে বলা যায়, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ একজন অভিজ্ঞ, দক্ষ ও মেধাবী সামরিক কর্মকর্তা। দেশপ্রেম, পেশাদারত্ব, নেতৃত্ব ও কর্মনিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত তিনি। রূপান্তর বাংলা পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও শুভকামনা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
