এম এ রাশেদ চৌধুরীঃ—চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ঝাউতলা বাজার সংলগ্ন রেলস্টেশনের টিকিট কাউন্টারের দক্ষিণ পাশে জিন্নাতের ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. ফরহাদ (২৭) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ কুমিল্লার চান্দিনা উপজেলার মুরাদপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি খুলশীর সেগুন বাগান এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের তল্লাশিতে তার হেফাজত থেকে একটি কালো রঙের স্টিলের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি লাল রঙের কার্তুজ (ELEY-12-12) এবং একটি সবুজ রঙের খালি কার্তুজ (RIOAMMO-12 GA) উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এফআইআর নং-৯, তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬; ধারা ১৯A/১৯(f), The Arms Act, 1878 অনুযায়ী রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত ফরহাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এর আগে খুলশী থানায় তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
