প্রতিবেশী নীতি নিয়ে ভারসাম্যহীনতা দেশের জন্য আত্মঘাতী” – জেএসকেপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রূপান্তর বাংলা–বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভারসাম্যহীন নীতি বাংলাদেশের জন্য “আত্মঘাতী” হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা।

রূপান্তর বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, আবেগের বশে প্রতিবেশীকে উপেক্ষা করে নীতি নির্ধারণ করলে তার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে।

জেএসকেপি চেয়ারম্যান বলেন,
“প্রতিবেশীকে উপেক্ষা করে কোনো দেশই এগোতে পারে না। আবেগের বশে ভারত বিরোধী শ্লোগান বা হঠাৎ করে তৃতীয় কোনো দেশকে কৌশলগত অঞ্চলে সুযোগ দেওয়ার আলোচনা আমাদের কতটুকু ক্ষতি করছে, তা অতীতেও দেখেছি। এটা কখনোই শুভ হতে পারে না।”

তিনি আরও বলেন, চিকেন নেকের মতো স্পর্শকাতর অঞ্চলের পাশে নতুন কোনো করিডরের আলোচনা হলে তা দুই দেশের সম্পর্ককে অনড় অবস্থানে নিয়ে যেতে পারে। যা দেশের ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার জন্য চরম ক্ষতিকারক।

রিয়াজ উদ্দিন রানা বলেন, ভারত-বাংলাদেশের সুসম্পর্ক শুধু কূটনীতির বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন, ব্যবসা এবং আঞ্চলিক জঙ্গিবাদ দমনের বিষয়।

“সম্পর্ক খারাপ হলে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ার আশঙ্কা থাকে। যা দুই দেশের জন্যই হুমকি। তাই স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে শত শত মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“ভিন্নমত দমন এবং রাজনীতিকে অপরাধীকরণ করা গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। রাজনীতি ব্যবসা নয়, এটা দেশসেবার ব্রত।”

তিনি সময়ের সংবেদনশীলতার কথা উল্লেখ করে সবাইকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার পরামর্শ দেন।