ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী

রুপান্তর বাংলা ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬–ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর আজ আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে ভূমি মন্ত্রণালয়ের ‘ডিজিটালাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি)’ এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, বিগত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মোঃ এমদাদুল হক চৌধুরী এ পদের স্থলাভিষিক্ত হলেন।

দায়িত্ব গ্রহণের পর আজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নতুন ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। সভায় তিনি ভূমি সেবাকে সরাসরি জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী জানান, মাঠপর্যায়ে ভূমি সংক্রান্ত সেবাসমূহ দ্রুতগতিতে সম্পন্ন ও কার্যকরভাবে প্রকৃত উপকারভোগীর নিকট পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় আগামী ৩ মাস বা ৬ মাসের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। সেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভারপ্রাপ্ত সচিব বলেন, জনস্বার্থ ও নাগরিক সুবিধা বিবেচনায় রেখে সকলকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী মাঠ প্রশাসনের প্রতিটি জনসেবামূলক কাজ দ্রুততম সময়ে নিষ্পত্তির তাগিদ দেন এবং সময়বান্ধব হয়ে কোয়ালিটিটিভ সেবা প্রদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।