ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব নিলেন মো. এমদাদুল হক চৌধুরী, কর্মকর্তাদের সাথে মতবিনিময়

ঢাকা প্রতিনিধি:  ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মো. এমদাদুল হক চৌধুরী। দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আজ সোমবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় তিনি ভূমি সেবা সহজীকরণ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

জনাব মো. এমদাদুল হক চৌধুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণিতে বি.এসসি (সম্মান) ও এম.এসসি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মেহেরপুর, শেরপুর, নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম, কিশোরগঞ্জ ও নড়াইল জেলাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ কেন্দ্রীয় প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২০ সালে যুগ্মসচিব এবং ২০২৪ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।