সেনাবাহিনীর মানবিক সহায়তা: মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের পাশে দীঘিনালা জোন

নিজস্ব প্রতিবেদক রিপোর্ট: আবদুল কাদের—-
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে মাদ্রাসা, এতিমখানা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ০৫ মিনিট পর্যন্ত দীঘিনালা জোন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ৪ ইস্ট বেঙ্গল (৪ ইবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি-এর উপস্থিতিতে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সাব-জোন কমান্ডার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী। সেনাবাহিনীর পক্ষ থেকে ছোট মেরুন বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এছাড়া চিকিৎসা সহায়তার অংশ হিসেবে মোঃ বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছাঃ জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।