রূপান্তর বাংলা নিজস্ব প্রতিবেদক–রাজধানীর খিলগাঁও থানাধীন নওয়াজবাগের রিরিতা এপার্টমেন্টের (বাড়ি নং- ৭৪/১১/বি) ৩য় তলার একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে গ্রাফিক ডিজাইনার আরাফাত ইসলাম হৃদয় (২৮) কে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত আরাফাত ইসলাম হৃদয় ECOHUB Technology Ltd. তে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। তার পিতা মোঃ আলামি মৃধা, মাতা নাজমা বেগম। তার বর্তমান ঠিকানা আফতাবনগর, মেরুল বাড্ডা, ঢাকা। স্থায়ী ঠিকানা বরগুনা জেলার চরকলনি।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে তার সহকর্মী বাবু ও তার এক বন্ধু কৌশলে আরাফাতকে ওই ভবনের ৩য় তলার ফ্ল্যাটে নিয়ে যায়।
পরদিন ৩১ অক্টোবর ভোর আনুমানিক ৬টার দিকে বাবু নিজেই ফোন করে পরিবারকে জানায়, আরাফাতের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার অবস্থা খারাপ। খবর পেয়ে পরিবার দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করা হয়েছে।
পরিবারের আরও অভিযোগ, এ ঘটনায় অভিযুক্ত বাবুকে পুলিশ একবার আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। এবং খিলগাঁও থানায় মামলা করতে গেলে পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট আসার অজুহাতে মামলা গ্রহণে গড়িমসি করছে।
পরিবারের দাবি, রিরিতা ভবনের ৩য় তলার সিসিটিভি ফুটেজ দ্রুত জব্দ করা হোক এবং ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার বিষয়টি গুরুত্বের সাথে পরীক্ষা করা হোক।
এ বিষয়ে খিলগাঁও থানা পুলিশের বক্তব্য জানার চেষ্টা চলছে – বক্তব্য পেলে অবশ্যই আমরা আবার তুলে ধরবো//
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
