খাগড়াছড়ি থেকে আব্দুল কাদের–আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খাগড়াছড়ি জেলার সেরা অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন দীঘিনালা থানার ওসি মোঃ ইকবাল বাহার।
সম্প্রতি খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক পুলিশ মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
দীঘিনালা থানায় যোগদানের পর থেকেই ওসি ইকবাল বাহার অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেন। পার্বত্য এই সীমান্তঘেঁষা থানার শান্তিশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানে তিনি দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।
জনবান্ধব পুলিশিং বাস্তবায়ন ও সাধারণ মানুষের আস্থা অর্জনে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি ইকবাল বাহার বলেন, “এই পুরস্কার কেবল আমার একার নয়, দীঘিনালা থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং দীঘিনালাবাসীর সার্বিক সহযোগিতার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও দীঘিনালাকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ওসি ইকবাল বাহার জেলার সেরা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় দীঘিনালা থানার সহকর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
