বান্দরবান সদর হাসপাতালের দীর্ঘদিনের চরম অব্যবস্থাপনা নিয়ে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

বান্দরবান জেলা সংবাদদাতা– বান্দরবান  সদর হাসপাতালের দীর্ঘদিনের চরম অব্যবস্থাপনা দূরীকরণ, দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন, আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু এবং সাম্প্রতিক হাম পরিস্থিতি মোকাবিলায় অবহেলা ও তালবাহানার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন,পাহাড়ের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ বান্দরবান সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার অভাব, আইসিইউ না থাকা, সরকারি অ্যাম্বুলেন্স সংকট এবং হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং বান্দরবানের জেলা প্রশাসকের নিকট পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবিসমূহ হলো যথাক্রমে

বান্দরবান ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।

সদর হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার চালু করতে হবে।

আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করতে হবে।

হাম প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনায় সকল ধরনের অবহেলা ও গাফিলতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

পাহাড়ের মানুষের জন্য মানসম্মত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবস্থা করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,যৌক্তিক দাবি গুলো দ্রুত বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।