মুক্তাগাছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি—ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৪জুলাই) বিকালে অবৈধ স্তাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মুক্তাগাছা থানা পুলিশের সহযোগিতায় ময়মনসিংহ-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা পৌর শহরের থানার সামনে থেকে বড়হিস্যাবাজার পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় সরকার আইন (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী পৌর ট্রেড লাইসেন্স না থাকা, অবৈধ দখলসহ মোট ৭টি মামলায় ১০হাজার ৬শ টাকা অর্থদন্ড করা হয়। রাস্তার উপর থেকে নির্মাণ সামগ্রী ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কৃষ্ণ চন্দ্র জানান, “মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও ডিসি মোঃ সাইফুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় মুক্তাগাছাকে মাদকমুক্ত, যানজট মুক্ত ও পরিচ্ছন্ন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে সমন্বিত অভিযান পরিচালনা করছে। মুক্তাগাছাবাসী এর সুফল পাচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও। অভিযানে এ সময় স্বেচ্ছাসেবক, সাংবাদিক, উপজেলা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও মুক্তাগাছা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।