চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে ‘বুইশ্যা’র দুই সহযোগী গ্রেপ্তার

এম এ রাশেদ চৌধুরী: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। পুলিশের দাবি, তারা শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী।

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জে জসিম উদ্দীনের নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিব ভোলার লালমোহন থানার চরভুতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া ৭ নম্বর আবাসিক এলাকার একটি কলোনিতে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে। অপর গ্রেপ্তার মো. রাহাত পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় পূর্বে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ২ ডিসেম্বর দ্রুত বিচার আইনে একটি এবং ২০২৫ সালের ৭ মার্চ ও ২০২৩ সালের ২৬ আগস্ট দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

এ ছাড়া মো. রাহাতের বিরুদ্ধে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-০৫, তারিখ ৭ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও অপরাধীচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।