কুলাউড়া সংবাদদাতা–মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করার অভিযোগে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন রানা।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, “জান্নাতুল ফেরদৌস চৌধুরীর সাহসিকতা এবং বঙ্গবন্ধুর প্রতি তাঁর শ্রদ্ধা আজকের তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের প্রতীকী শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো কোনো অপরাধ হতে পারে না। অথচ সেই শ্রদ্ধা জানানোর কারণে একজন তরুণীকে গ্রেপ্তার করা, হয়রানি করা কিংবা মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে—এটি একটি গণতান্ত্রিক ও সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতা-কর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতনের যে ধারাবাহিকতা চলছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর গ্রেপ্তার তারই আরেকটি উদাহরণ।”
জনাব রিয়াজ উদ্দিন রানা বলেন, “বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কোনো অপরাধ নয়। এটি বাঙালি জাতির ইতিহাস, আত্মপরিচয় ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধা।”
পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওপর যে ভয়াবহ হামলা হয়েছিল তা জাতি ভুলে যায়নি। অথচ সেইসব সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। যারা পুলিশের ওপর হামলা করেছে তাদের জন্য এক আইন, আর যারা শ্রদ্ধা জানায় তাদের জন্য আরেক আইন – এমন দ্বৈত মানদণ্ড ন্যায়বিচারের পরিপন্থী।”
তিনি বলেন, “পুলিশ রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। কোনো রাজনৈতিক দলের নয়। তাই পুলিশের প্রতিটি সদস্যের কাছে আমাদের প্রত্যাশা—আপনারা আইন প্রয়োগ করবেন নিরপেক্ষভাবে, কারও রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে নয়।”
একইসাথে তিনি জান্নাতুল ফেরদৌস চৌধুরীর নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে হয়রানি বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গত ১৫ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
