কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ ১৬ আসামি গ্রেফতার

জাহাঙ্গীর, রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ আটক এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে পুলিশের আভিযানিক দল রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১১ জনকে মাদক সেবনের অভিযোগে, ৩ জনকে মাদক সেবনকালে মাদকসহ এবং ২ জনকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০) ও মো. সাগর (২৮)।

এছাড়া মাদক সেবন ও মাদকসহ মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরা (২৪) এবং সিআর ওয়ারেন্টমূলে মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)কে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, “মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে কোতয়ালী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।