আকরাম,বিশেষ প্রতিবেদক:—–দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় নিজেদের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনল সরকার। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নানা সমীকরণকে গুরুত্ব দিয়ে নতুন করে চারজনকে মন্ত্রী এবং দুজনকে প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে। এই নতুন অন্তর্ভুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীসহ মোট মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫১ জনে।
শপথ নেওয়া নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসন থেকে নির্বাচিত এম রশিদুজ্জামান মিল্লাত। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক সাবেক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
কে কোন দপ্তরের দায়িত্ব পেতে পারেন?
দলীয় ও সরকার সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তন হতে যাচ্ছে:
স্থানীয় সরকার মন্ত্রণালয়: নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করায় ফাঁকা হওয়া এই দপ্তরের দায়িত্ব পেতে পারেন ড. আবদুল মঈন খান।
তথ্য মন্ত্রণালয়: এই মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন আন্দালিভ রহমান পার্থ। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার পরিকল্পনা রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়:শূন্য হওয়া এই পদে দায়িত্ব পেতে যাচ্ছেন সাচিং প্রু জেরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়: পররাষ্ট্র দপ্তরে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির। এর ফলে এই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব সামলাবেন।
অন্যান্য দপ্তর: এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে এবং আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হতে পারে। এছাড়া মোহাম্মদ শামীম কায়সার লিংকন পেতে পারেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দ্রুতই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
