ব্যারিস্টার সুমনকে আটক ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে উদ্বেগ

রুপান্তর বাংলা ডেক্স—হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আটক এবং তার সাথে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য এমপি স্টিফেন লরেন্স বিষয়টি পার্লামেন্টে উত্থাপন করেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তার কাছে অভিযোগ করা হয় যে, ব্যারিস্টার সুমনকে দীর্ঘদিন ধরে রিমান্ডে রাখা, জামিন না দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় হয়রানি করা হচ্ছে।

এমপি লরেন্স বলেন, একজন আইনজীবী ও সাবেক সংসদ সদস্যের ক্ষেত্রে ন্যায় বিচার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তিনি বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনার আহ্বান জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার সুমনকে ২০২৪ সালের ২২ অক্টোবর গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের হওয়া কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

মানবাধিকার সংস্থাগুলো ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।