নরসিংদীর শিবপুরে মোঃ শাকিল মিয়া নামের এক যুবককে মারধর করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাকিল মিয়ার সঙ্গে প্রায় এক বছর আগে নাদিম নামের এক যুবকের মারামারির ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই গত ৩১ মে ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মোটরসাইকেলে করে পলাশ থানার কাওয়াদী এলাকায় যাওয়ার পথে শিবপুরের হরণখোলা মসজিদের সামনে তার গতিরোধ করা হয়।
শাকিলের দাবি, পূর্বপরিচিত ইমরান গাজী, তার ভাই নাদিম এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি মিলে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। একপর্যায়ে ইমরান গাজী তার পকেটে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় একটি ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে

