জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) জনাব মো. আব্দুস সবুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, নির্বাচনী সময় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে যায়। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন গণতন্ত্রকে শক্তিশালী করে। অপসাংবাদিকতা শুধু গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে না, সমাজেও বিভ্রান্তি সৃষ্টি করে।
বিশেষ অতিথি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, দায়িত্বশীল গণমাধ্যম নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সমন্বয় থাকলে ভুল তথ্য ছড়ানোর সুযোগ কমে আসে।
কর্মশালায় নির্বাচনী সাংবাদিকতায় নৈতিকতা, ভুল তথ্য প্রতিরোধ, সংবাদ যাচাই এবং আইনগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
কর্মশালাটি বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, রাঙ্গামাটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
