মুক্তাগাছায় হৃদয়ে ৮৮ সমাজসেবা সংসদের ফ্রি হেলথ ক্যাম্প

ময়মনসিংহ প্রতিনিধি;—-ময়মনসিংহের মুক্তাগাছায় ‘হৃদয়ে ৮৮ সমাজসেবা সংসদ’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের সারপট্টি রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় সাড়ে ৩শ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের রক্তচাপ, ওজন, পাল্স, রক্তে শর্করা (আরবিএস) ও রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আকরাম আলী ভুলু, সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিল্টন, অর্থ সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন এবং সদস্য সেলিম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা আকরাম আলী ভুলু বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভাপতি মতিউর রহমান মতি বলেন, “সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদয়ে ৮৮ সমাজসেবা সংসদ সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিল্টন বলেন, এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছি। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন আয়োজকরা।