মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ*

*ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি জিল্লুর রহমান
ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে মারধর করে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে মুক্তাগাছা ও মধুপুরের সীমান্তবর্তী রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পাশের চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে শফুর ৩ হাজার টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে শফু সেই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আল আমীন শফুকে দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে দুই হাতে গলা চেপে ধরেন। এতে শফু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামে একজনকে আটক করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”