ডাকাত ইমন গ্রেপ্তারের পর ওসির হুঁশিয়ারি: অপরাধীদের কোনো ছাড় নয়, অভিযান অব্যাহত থাকবে

এম এ রাশেদ চৌধুরীঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভা ও মহামায়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, মারামারি, নারী নির্যাতন ও মাদকসংক্রান্ত মামলার আসামি হিসেবে অভিযুক্ত মো. ইমন প্রকাশ ‘ডিপজল’ (২৬)-কে গ্রেপ্তার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ইমন মৃত আবিদ আলীর ছেলে। তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার ৫ নম্বর মহামায়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাটিয়াগোদা গ্রামে।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই ২০২৬ বিকেল প্রায় ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাঁশপাড়া এলাকায় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমন দৌড়ে পালানোর চেষ্টা করে এবং একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে পুলিশ তাকে পুকুর থেকে উদ্ধার করে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ইমনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারি, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ডাকাতির দুটি, চুরির দুটি, নারী নির্যাতনের একটি, মারামারির তিনটি এবং একটি মাদক মামলা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার গ্রেপ্তারের খবরে মহামায়া ইউনিয়ন ও চাঁদগাজি এলাকার ভুক্তভোগী ও আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে ৩০ জুলাই ২০২৬ ফেনীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।