ডাকাতি-মাদক-সিঁধেল চুরি: ৬ মামলার পরোয়ানাভুক্ত রনি ছাগলনাইয়ায় পুলিশের জালে

এম এ রাশেদ চৌধুরী:—ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতি, মাদক ও সিঁধেল চুরিসহ ছয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল আমিন ওরফে রনি (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ছাগলনাইয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল আমিন ওরফে রনি ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া জমাদার বাড়ির আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রনির বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ডাকাতি, মাদক ও সিঁধেল চুরির ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দুটি ডাকাতি, একটি মাদক এবং তিনটি সিঁধেল চুরির মামলা আদালতে বিচারাধীন।

পুলিশের তথ্যমতে, ২০১৮ সালের ৫ আগস্ট ছাগলনাইয়া থানায় দায়ের করা এফআইআর নং-৪/২৩৮ মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩২৮/৩৮০ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ২০১৭ সালের ১ অক্টোবর দায়ের করা এফআইআর নং-১/২২০ মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা রয়েছে।

এ ছাড়া ২০১৫ সালের ২৯ আগস্ট দায়ের করা এফআইআর নং-২২ মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৩(খ) ধারায় মামলা করা হয়। একই বছরের ১১ মার্চ দায়ের করা এফআইআর নং-৮ মামলায় দণ্ডবিধির ৩২৮/৪৫৭/৩৮০ ধারায় মামলা রয়েছে।

অন্যদিকে, ২০১০ সালের ১৭ এপ্রিল দায়ের করা এফআইআর নং-১৩/৬১ মামলায় দণ্ডবিধির ৪০৮/৩৭৯ ধারা এবং ২০০৭ সালের ১৬ আগস্ট দায়ের করা এফআইআর নং-০৮/৯৫ মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, গ্রেপ্তার নুরুল আমিন ওরফে রনিকে শনিবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ অভিযানের পর ছাগলনাইয়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।