হেডম্যান-কারবারিদের সম্মেলনে সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কাপ্তাই জুন সেনাবাহিনীর

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা —রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর এর উদ্যোগে হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যদের নিয়ে মাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে সেনাবাহিনীর কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ।

সম্মেলনে ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ বলেন, `বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি পাহাড়ি-বাঙালি সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।`

এসময় ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, দুই ইউনিয়নের সকল হেডম্যান, ইউপি সদস্য ও কারবারিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে এলাকার আইনশৃঙ্খলা, উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।