রাঙামাটি প্রতিনিধি—রাঙামাটিতে জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ছাত্রদল নেতা মোঃ আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৫) হাসপাতাল এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে ন্যায়বিচারের স্বার্থে গ্রেপ্তার আসামি আরিফুল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, আরিফুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলা শাখা তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাছিমুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আরিফুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে ছাত্রদলের রাঙামাটি জেলা শাখার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
