সংবাদ শিরোনাম

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়, পাহাড়ে নারীদের ঢাল বানিয়ে অপপ্রচারের অভিযোগ পানাপের

রূপান্তর বাংলা ডেস্ক—পার্বত্য চট্টগ্রামের সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর যে ত্যাগ ও কষ্ট, তা ভাষায় প্রকাশ করার মতো নয় বলে মন্তব্য করেছে পার্বত্য নাগরিক অধিকার পরিষদ (পানাপ)।

সংগঠনের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে বলা হয়, দুর্গম পাহাড়, ঘন জঙ্গল, খাবার-পানির সংকট, মশার কামড় ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দিনের পর দিন সেনাবাহিনী এই অঞ্চলে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে শান্তি বাহিনী ও বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর গুলিতে অসংখ্য সেনা সদস্য শহীদ হয়েছেন, অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। শুধু সেনাবাহিনী নয়, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাধারণ নিরীহ বাঙালি ও পাহাড়ি নাগরিকরাও সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। এর কোনো সঠিক হিসাব নেই।”

নারীদের সামনে রেখে আন্দোলন ও রাতে পিটিয়ে সেনাবাহিনীর নামে অপপ্রচারের অভিযোগ:

পানাপের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন রানা অভিযোগ করে বলেন, পাহাড়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের যেকোনো আন্দোলন-সংগ্রামে পরিকল্পিতভাবে নারীদের সামনে ঢাল হিসেবে ব্যবহার করে।

তিনি আরও অভিযোগ করেন, “যারা তাদের ডাকা আন্দোলনে যেতে রাজি হয় না, তাদেরকে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে মারধর করা হয়, শরীরে লাল দাগ করে দেওয়া হয় এবং পরদিন প্রচার করা হয় যে সেনাবাহিনী তাদেরকে মেরেছে। এই ধরনের নাটক সাজিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পুরনো কৌশল এখনো চলছে।”

তিনি বলেন, “এত ত্যাগের পরও যারা সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়, তারা পার্বত্য চট্টগ্রামের শান্তি চায় না। তারা চায় পাহাড়কে অস্থিতিশীল রাখতে।”

পানাপের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অবদানকে রাষ্ট্রীয়ভাবে আরও বেশি তুলে ধরার এবং সেনাবাহিনীর নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।