হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির গণবিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো, হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে গণবিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম।

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল-পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের ভূমিকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যক্রমের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। হত্যাকাণ্ডের বিচারহীনতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।

গণবিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন রাফি। কর্মসূচি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব সামিন রহমান।

সমাবেশে বক্তব্য দেন খান তালাত মাহমুদ রাফি। তিনি বলেন, ৩৩১ দিন অতিবাহিত হলেও রাষ্ট্র হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। ভারতে হত্যাকারীরা আশ্রয়ে রয়েছে বলে দাবি করে তিনি তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের বাড়িঘরে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকারের নীরব ভূমিকা জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে আওয়ামী লীগের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর রাজনৈতিক দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রীকেও বহন করতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের তামিম আবতাহী, চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম তাজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আয়াজ উদ্দিন ও মাজহারুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক তৌসিফ বিন রফিক।

সমাবেশ থেকে হাদি হত্যার দ্রুত বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা এবং রাজনৈতিক সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।