রূপান্তর বাংলা সংবাদদাতা—রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক যুবককে (২০) গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে ঝিনু আচার্য্যের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল রাইখালী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কাজীরপাড়া টেকের মোড় হতে রাইখালী বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে আসা এক যুবকের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা কালো পলিথিনে মোড়ানো ১১ পিস গোলাপি রঙের ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া চট্ট-মেট্রো-ল-১৫-০১৮৯ নম্বরের কালো রঙের পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
এ ঘটনায় গ্রেফতার যুবক ও পলাতক অপর এক আসামিকে (৪৩) আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতার আসামিকে শনিবার (১৪ নভেম্বর) রাঙামাটি আদালতে পাঠানো হবে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
