রূপান্তর বাংলা বিশেষ সংবাদদাতা—মাদারীপুরের একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূলহোতা সোহাগ মোল্লার বিরুদ্ধে উঠেছে লোমহর্ষক সব তথ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অবৈধভাবে লিবিয়ায় পাচার এবং সেখানে বন্দিশালায় (গেমঘর) আটকে রেখে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রের নির্মম নির্যাতনের কয়েকটি ভিডিও ইতোমধ্যে আমাদের প্রতিনিধির হাতে এসে পৌঁছেছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযুক্ত মানব পাচারকারী সোহাগ মোল্লা মাদারীপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া এলাকার নেছারউদ্দিন মোল্লার ছেলে।
অনুসন্ধানে জানা যায়, এই আন্তর্জাতিক মাফিয়া চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে সহজ-সরল যুবকদের টার্গেট করে আকর্ষণীয় বেতনে বিদেশে পাঠানোর লোভ দেখায়। পরবর্তীতে তাদের বৈধ পথে না পাঠিয়ে নানা অবৈধ রুট দিয়ে লিবিয়ায় পাচার করা হয়। লিবিয়ায় পৌঁছানোর পর চক্রের নিয়ন্ত্রিত গোপন আস্তানা বা ‘গেমঘর’-এ বন্দি করে রাখা হয় ভুক্তভোগীদের। সেখানে তাদের ওপর চলে পৈশাচিক নির্যাতন। সেই নির্যাতনের দৃশ্য ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি দেশে থাকা পরিবারের কাছে পাঠিয়ে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় লাখ লাখ টাকা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মোল্লার এহেন অপকর্মের প্রতিবাদ ও বিচার চেয়ে এর আগেও মাদারীপুর সদর থানায় ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তবে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার দৃশ্যমান কোনো জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে চক্রটি তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছে।
এ বিষয়ে সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে শীর্ষ মানব পাচারকারী সোহাগ মোল্লাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
